বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলির আবেদন চলছে। এরই মধ্যে প্রায় ১২ হাজার শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) শেষ হচ্ছে আবেদনের সময়সীমা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানায়, বুধবার (২৬ আগস্ট) পর্যন্ত মোট ১১ হাজার ৯৮৬ জন শিক্ষক বদলির আবেদন করেছেন। শেষ দিনে আবেদনের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে বদলির আবেদন করতে গিয়ে নানা ধরনের জটিলতার মুখে পড়ছেন শিক্ষকরা। অনেক শিক্ষক আবেদন করতে না পেরে বিষয়টি জানাতে মাউশিতে ভিড় করছেন। তাদের অভিযোগ, প্রয়োজনীয় তথ্য থাকা সত্ত্বেও সফটওয়্যারে আবেদন সম্পন্ন করতে পারছেন না।
শিক্ষকদের এসব সমস্যার বিষয়ে মাউশি ও সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হয়েছে। সমস্যাগুলো সমাধানে বৃহস্পতিবার মাউশিতে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
মাউশির একটি সূত্র জানায়, শিক্ষকদের কাছ থেকে পাওয়া সমস্যাগুলো ইতোমধ্যে টেলিটককে জানানো হয়েছে। পরে সফটওয়্যার নির্মাণকারী ভেন্ডর প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে একজন কর্মকর্তা বৃহস্পতিবার মাউশিতে আসবেন। সকাল ১১টায় তার সঙ্গে আলোচনা শুরু হবে। সেখানে শিক্ষকদের আবেদনসংক্রান্ত সমস্যাগুলো তুলে ধরা হবে। যেসব সমস্যা কারিগরিভাবে সমাধানযোগ্য, সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এদিকে আজই বদলির আবেদনের নির্ধারিত সময় শেষ হচ্ছে। ফলে কারিগরি জটিলতার কারণে যারা এখনো আবেদন করতে পারেননি, তারা শেষ দিনে সমস্যার সমাধান পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ রয়েছে।
এসএস




Comments