ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে এসব এলাকায় অস্ত্রশস্ত্র ও বিস্ফোরকসহ ক্ষতিকর দ্রব্য বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৬ আগস্ট রাত ১২টা থেকে এ আদেশ কার্যকর হয়েছে এবং সংসদের তৃতীয় অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
নিষেধাজ্ঞার আওতায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে—
- মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত ময়মনসিংহ রোড
- বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত
- পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত
- শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) সড়কের সংযোগস্থল পর্যন্ত মিরপুর রোড
- রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং পর্যন্ত
- ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত
- জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা
- উল্লিখিত সীমানার মধ্যে থাকা সব রাস্তা ও গলিপথ
ডিএমপি জানিয়েছে, সংসদ অধিবেশন নির্বিঘ্নে পরিচালনা ও সংশ্লিষ্ট এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
এনএ




Comments