Image description

রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কৌশলে থানা থেকে বেরিয়ে যান মিতু আক্তার নামের ওই আসামি।

পুলিশ জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মিতু আক্তারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে যাত্রাবাড়ী থানায় নেওয়া হয়। বৃহস্পতিবারই ছিল তার রিমান্ডের শেষ দিন। রিমান্ড শেষে দুপুরে তাকে আদালতে হাজির করার কথা ছিল।

এর আগে সকালে কৌশলে থানার গেটের তালা খুলে পালিয়ে যান মিতু। পুলিশ জানিয়েছে, নারী আসামিদের সাধারণত হ্যান্ডকাফ পরানো হয় না। এই সুযোগ কাজে লাগিয়েই তিনি থানা থেকে বেরিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে ঠিক কীভাবে তিনি থানার গেটের তালা খুললেন এবং পালানোর সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ভূমিকা কী ছিল, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট হয়নি।

ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের এডিসি মীর মুহসীন মাসুদ রানা বলেন, মিতু নামে এক নারী আসামিকে হত্যা মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। নারী আসামিদের হ্যান্ডকাফ পরানো হয় না। এ সুযোগ কাজে লাগিয়ে ওই নারী কৌশলে থানা থেকে পালিয়ে গেছেন।

তিনি বলেন, তিন দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার মিতুকে আদালতে হাজির করার কথা ছিল। তবে তার আগেই তিনি পুলিশ হেফাজত থেকে পালিয়ে যান। তাকে গ্রেপ্তারে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শিগগিরই তাকে আবার গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এসএস