ভারতের ৪৫টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত আশঙ্কাজনকভাবে কমে গেছে। বর্ষার কারণে কয়লা সরবরাহে বিঘ্ন এবং বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় এসব কেন্দ্রে জ্বালানি সংকট তৈরি হয়েছে। এতে দেশটিতে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে।
কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষের (সিইএ) ২৫ আগস্টের তথ্য অনুযায়ী, ৪৫টি বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় মজুতের ২৫ শতাংশেরও কম কয়লা রয়েছে অথবা তিন দিনের কম সময় বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুত আছে। জুলাইয়ের শেষে এমন সংকটে থাকা বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ছিল ৩১টি।
অর্থাৎ মাত্র এক মাসের ব্যবধানে কয়লা সংকটে থাকা বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ১৪টি বেড়েছে। সংকটে থাকা ৪৫টি কেন্দ্রের মধ্যে ৪০টিই দেশীয় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র।
ভারতের গুরুত্বপূর্ণ কয়লা উৎপাদনকারী রাজ্য ওডিশা, ঝাড়খণ্ড ও ছত্তিশগড়ে ভারী বৃষ্টির কারণে কয়লা উত্তোলন ব্যাহত হচ্ছে। পাশাপাশি খনি থেকে বিদ্যুৎকেন্দ্রে কয়লা পরিবহনেও ধীরগতি দেখা দিয়েছে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা।
পণ্যবাজার পরামর্শক প্রতিষ্ঠান বিগমিন্টের তথ্য অনুযায়ী, আগস্টজুড়ে ভারতের বিদ্যুৎকেন্দ্রগুলোতে কয়লার মজুত কমেছে। জুলাইয়ের শেষের তুলনায় মজুত কমেছে প্রায় ১৯ শতাংশ।
বর্তমানে দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রায় ৩ কোটি ৯ লাখ ৫০ হাজার টন কয়লা মজুত রয়েছে। এ পরিমাণ কয়লা দিয়ে প্রায় ১০ দিন বিদ্যুৎ উৎপাদন চালানো সম্ভব। জুলাইয়ের শেষে মজুত ছিল প্রায় ১২ দিনের প্রয়োজনের সমান।
এদিকে, ২০০৯ সালের পর চলতি বর্ষা মৌসুমকে ভারতের সবচেয়ে দুর্বল বর্ষা মৌসুম হিসেবে দেখা হচ্ছে। এল নিনোর প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অসম হয়েছে। এর মধ্যে অনেক এলাকায় গরম বেড়ে যাওয়ায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার বাড়ছে, ফলে বিদ্যুতের চাহিদাও বেড়েছে।
ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এনটিপিসির এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, অসম বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা বেড়েছে, বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণের জন্য। তবে কয়লার সরবরাহ অত্যন্ত সীমিত মজুতের ওপর নির্ভর করছে।
ওই কর্মকর্তা জানান, কিছু বিদ্যুৎকেন্দ্রে প্রতিদিন পাঁচ থেকে ছয়টি কয়লাবাহী রেক প্রয়োজন হলেও বর্তমানে এর প্রায় অর্ধেক সরবরাহ পাওয়া যাচ্ছে।
চলতি বর্ষা মৌসুমে ভারত স্বাভাবিকের তুলনায় ১২ শতাংশ কম বৃষ্টিপাত পেয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে কয়লার ওপর নির্ভরতা আরও বেড়েছে।
পরিস্থিতি সামাল দিতে কয়লার সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্ধারিত রক্ষণাবেক্ষণ কাজ পিছিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়।
সূত্র: রয়টার্স
এসএস




Comments