আল-ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলের রোমাঞ্চকর জয়ের ম্যাচে পাদপ্রদীপের সবটুকু আলো কেড়ে নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এবার আলোচনায় তাঁর গোল নয়, বরং ম্যাচ পরবর্তী আবেগঘন কান্নার এক চাঞ্চল্যকর দাবি। সৌদি গণমাধ্যম ব্যক্তিত্ব খালিদ আল-শানিফ দাবি করেছেন, দলের অবিশ্বাস্য জয় দেখে আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে ড্রেসিংরুমে ফুঁপিয়ে কেঁদেছেন রোনালদো।
মঙ্গলবার আল-নাসরের হয়ে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে মাঠে নামেন ৪১ বছর বয়সী এই কিংবদন্তি। প্রথমার্ধে আল-নাসর ২-০ গোলে পিছিয়ে পড়ার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হয়। এমন প্রতিকূল পরিস্থিতিতে বিরতির পরপরই রোনালদোকে মাঠ থেকে তুলে নিয়ে আবদুল্লাহ আল-খাইবারিকে মাঠে নামানো হয়। শেষ পর্যন্ত অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-২ গোলে জয় ছিনিয়ে নেয় আল-নাসর।
সৌদি সাংবাদিক আল-শানিফ তার ‘দোরিনা গাইর’ অনুষ্ঠানে জানান, রোনালদো নিজেই পুরোপুরি ফিট না থাকায় প্রথমার্ধের পর উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে তাঁর অনুপস্থিতিতে দল এমন অবিস্মরণীয় জয় পাওয়ায় ড্রেসিংরুমে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
তবে রোনালদোর উঠে যাওয়া এবং মানসিক অবস্থা নিয়ে আল-নাসর ম্যানেজার আঞ্জে পস্তেকোগলু দিয়েছেন কিছুটা ভিন্ন তথ্য। তিনি বলেন, ‘রোনালদোর পরিকল্পনা ছিল ৪৫ মিনিট খেলার। প্রথম ম্যাচে তিনি ৩০ মিনিট খেলেছিলেন, এবার আমরা তাকে ৪৫ মিনিট খেলাতে চেয়েছিলাম যেন ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পান। দল ২-০ গোলে পিছিয়ে পড়ায় রোনালদো অবশ্য আরও খেলতে চেয়েছিলেন, কিন্তু তাকে তুলে নেওয়াটাই ছিল আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং সঠিক সিদ্ধান্ত।’
পস্তেকোগলু ও সৌদি সংবাদমাধ্যমের ভিন্ন ভিন্ন বক্তব্য রোনালদোর এই ‘কান্না’ নিয়ে ফুটবল বিশ্বে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ডিআর




Comments