Image description

রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মোসা. রনজিনা পারভীন নামের এক প্রধান শিক্ষিকা। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে এই ঘটনা ঘটে। নিহত রনজিনা বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শনিবার ভোরে বগুড়া থেকে ঢাকায় আসেন রনজিনা পারভীন। গাবতলী থেকে একটি রিকশায় করে তিনি ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেলে আসা ছিনতাইকারী তাঁর হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয়।

এ সময় রনজিনা পারভীন ভারসাম্য হারিয়ে রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান সংবাদমাধ্যমকে জানান, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ডিআর