তরুণ সমাজকে মেধাশূন্য করতে প্রতিবেশী দেশগুলো চক্রান্তমূলকভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। এই চক্রান্ত মোকাবিলায় তরুণদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে সরকার শিক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর শহরের টাউন হল মিলনায়তনে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর সোসাইটির উদ্যোগে সদর ও চন্দ্রগঞ্জ উপজেলার এসএসসির কৃতী শিক্ষার্থীদের সম্মানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, “আমাদের দেশের ভাবমূর্তি, অর্জন ও মেধাকে ধ্বংস করে দেওয়ার জন্য চারপাশ থেকে মাদক ঢোকানো হচ্ছে। সমাজকে এই অবক্ষয় থেকে মুক্ত করতে হলে শিক্ষার বিকল্প নেই। আমরা যদি শিক্ষাকে যথাযথভাবে অগ্রাধিকার দিতে পারি, তবেই জাতি হিসেবে এই সংকট থেকে মুক্তি পাব।”
দেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মন্ত্রী বলেন, “আমরা এক ধ্বংসস্তূপের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছি এবং অভাব-অনটনের মধ্যেই রাষ্ট্র পরিচালনা করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা ও স্বাস্থ্য খাতের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। একটি স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা আমাদের বড় চ্যালেঞ্জ এবং আমরা সেই লক্ষ্যে কাজ করছি।”
লক্ষ্মীপুর সোসাইটির সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হানিফ মুরাদ, লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেন।
ডিআর




Comments