আওয়ামী লীগের পক্ষে কোনো ধরনের ওকালতি না করার জন্য বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। এ সময় রুমিন ফারহানার নির্বাচনী প্রতীক ‘হাঁস’ নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁসতো খেয়ে ফেলব আমরা।’
শনিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারোয়ার তুষার।
সারোয়ার তুষার বলেন, ‘এখানে নৌকাডুবি হয়ে গেছে। নৌকাডুবি হওয়ার পর হাঁস যদি ডুব দিয়ে নৌকা খুঁজতে যায়, তাহলে হাঁসকে কি বাংলাদেশের জনগণ আস্ত রাখবে? ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হাঁস আস্ত রাখবে? হাঁস কিন্তু জনগণ খেয়ে ফেলবে। কাজেই সাধু সাবধান।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের পক্ষে কোনো ওকালতি আমরা শুনতে চাই না। আপনি আওয়ামী লীগের বিচার চান না কেন? বিচার চান না, কিন্তু আপনি বলেন যে আওয়ামী লীগকে আসতেই হবে।’
রুমিন ফারহানাকে উদ্দেশ করে এনসিপির এই নেতা বলেন, একটি নির্বাচন জিতে কেউ যদি মনে করেন, এখন যা খুশি করার লাইসেন্স পেয়ে গেছেন, বিষয়টি এত সহজ নয়। তিনি বলেন, ‘আপনাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, কিন্তু সমস্ত কিছুর একটা সীমা আছে। দয়া করে আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের জাস্টিফিকেশন দিতে আসবেন না।’
তিনি আবারও বলেন, ‘হাঁস যদি নৌকা খুঁজতে থাকে, তাহলে হাঁসতো খেয়ে ফেলব আমরা।’
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ‘হাঁস’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন ব্যারিস্টার রুমিন ফারহানা।
এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি এবং কেন্দ্রীয় ছাত্রশক্তির আহ্বায়ক বাকের মজুমদারসহ অন্যরা।
এনএ




Comments