Image description

দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে এবং সাধারণ মানুষের মাঝে চাল-গম সরবরাহে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। রোববার (৩০ আগস্ট) বিকেলে ঢাকার ধামরাই পৌর শহরের ইসলামপুর এলাকায় স্থাপিত সরকারি খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে খাদ্যমন্ত্রী বলেন, “এখানে কোনো অসুবিধা নেই। ইনশাআল্লাহ বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল ও গম আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারব। কোনো সমস্যা হবে না। হঠাৎ করেই পরিদর্শনে এসেছি, তাহলে সঠিক চিত্রটা পাওয়া যাবে। অনেক জায়গায় গেলাম, যথেষ্ট মজুত আছে। খাদ্যে কোনো সমস্যা হবে না।”

সারের মজুত ও সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমাদের সার পর্যাপ্ত মজুত আছে। ডিস্ট্রিবিউশন (বণ্টন) নিয়ে একটু সমস্যা থাকতে পারে। আমরা কিছু কিছু জায়গায় সারের এমন কথা শুনছি। তবে সঠিক খবর নিয়ে দেখেন যথেষ্ট সার মজুত আছে। কৃষকদের যেন কোনো সমস্যা না হয়, আমরা তা বিচার-বিবেচনা করে দেখব।”

৫০০ মেট্রিক টন সাধারণ ধারণ ক্ষমতা এবং ৬৫০ মেট্রিক টন উচ্চ ধারণ ক্ষমতার এই খাদ্য গুদাম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনসহ খাদ্য গুদামের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।

ডিআর