Image description

টাঙ্গাইলের সখিপুরে স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেনের খামারে আবারও চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে গোয়ালঘরের তালা ভেঙে চারটি গাভী ও তিনটি মহিষ নিয়ে গেছে চোরের দল। চুরি যাওয়া সাতটি গবাদিপশুর বর্তমান বাজারমূল্য প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত খামারি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রোববার রাতে গবাদিপশুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে আটকে রেখে তারা ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে গোয়ালঘর ফাঁকা দেখতে পান। পরে আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও গবাদিপশুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, এ নিয়ে দ্বিতীয়বার তার বাড়িতে বড় ধরনের গবাদিপশু চুরির ঘটনা ঘটল। এর আগে, প্রায় দুই বছর আগে তার বাড়ি থেকে পাঁচটি গাভী চুরি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আবারও সাতটি গবাদিপশু চুরি হওয়ায় তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

একই খামারির বাড়িতে বারবার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সংঘবদ্ধ একটি চোরচক্র সক্রিয় থাকলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাচ্ছে না। দ্রুত চোরচক্রটিকে শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপরতা শুরু করেছে। চুরি যাওয়া গবাদিপশু উদ্ধার এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এসএ