Image description

কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ, সার সংকট নিরসন ও কৃষকদের হয়রানি বন্ধের দাবিতে রংপুরের মিঠাপুকুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় মিঠাপুকুর ফ্লাইওভার ব্রিজ সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের মিঠাপুকুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ সময়ে পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকরা চরম বিপাকে পড়েছেন। সময়মতো প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করা না হলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, যার নেতিবাচক প্রভাব পড়বে কৃষকদের ওপর।

তারা আরও বলেন, দিন দিন কৃষকের উৎপাদন খরচ বাড়ছে। এর মধ্যে সার সংকট তৈরি হলে অনেক কৃষককে অতিরিক্ত দামে সার কিনতে বাধ্য হতে হয়। তাই কৃষকদের স্বার্থে দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রংপুর জেলা শাখার সেক্রেটারি হারুনুর রশিদ বেলাল কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন, রংপুর জেলা শাখার সেক্রেটারি মিজানুর রহমান বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষকের উৎপাদন অব্যাহত রাখতে প্রয়োজনীয় সারসহ সব ধরনের কৃষি উপকরণের সরবরাহ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, মিঠাপুকুর উপজেলা শাখার সভাপতি আবু জাহের নোমান। এ সময় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

মানববন্ধন থেকে কৃষকদের জন্য পর্যাপ্ত সার সরবরাহ, সার সংকটের স্থায়ী সমাধান এবং কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়। কর্মসূচিতে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের বিপুলসংখ্যক কৃষক ও কৃষিজীবী শ্রমিক অংশ নেন।

এসএ