Image description

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল।

রোববার (৩০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে সালমান এফ রহমানের জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন, তার সঙ্গে কাজ করার জন্য গ্রায়েম এল. হল বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন।

তিনি বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদনটি করেন। গত ২৪ আগস্ট আবেদনটি বার কাউন্সিলে গ্রহণ করা হয়েছে। তবে বিদেশি এই আইনজীবীকে মামলায় লড়ার অনুমোদন দেওয়া হবে কি না, তা এখনো চূড়ান্ত হয়নি।

চলতি বছরের ১২ জানুয়ারি সালমান এফ রহমানের মামলায় অভিযোগ গঠন করা হয়। প্রসিকিউশনের পক্ষ থেকে তার বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রের অভিযোগ।

অভিযোগে বলা হয়েছে, সালমান এফ রহমান ও অপর আসামিদের ধারাবাহিক নির্দেশনা ও কর্মকাণ্ডের ফলে মিরপুরের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলায় অনেক ছাত্র-জনতা নিহত হন। এসব নির্যাতন বন্ধে তারা কার্যকর কোনো পদক্ষেপ নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে সালমান এফ রহমান ও অপর আসামি আনিসুল হক সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৯ জুলাই তাদের মধ্যে ফোনালাপের কথাও অভিযোগে উল্লেখ করা হয়।

বর্তমানে মামলায় সালমান এফ রহমানের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী রয়েছেন। তার সঙ্গে যুক্ত হয়ে মামলাটি পরিচালনার জন্যই ব্রিটিশ আইনজীবী গ্রায়েম এল. হল আবেদন করেছেন।

এনএ