৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লা নগরীতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্য।
লংমার্চের অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় নগরীর কান্দিরপাড় এলাকা থেকে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেন জোটের নেতাকর্মীরা। পরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমানের পরিচালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান, কুমিল্লা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগরীর সদস্যসচিব মাসুকুল বারী কাউছার, এবি পার্টির কুমিল্লা মহানগরীর সভাপতি গোলামু মুহা. সামদানী এবং জাগপা কুমিল্লা মহানগরীর সভাপতি নজরুল ইসলাম সেলিমসহ ১১ দলের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের কাছে লংমার্চের কর্মসূচি ও দাবিগুলো তুলে ধরা হচ্ছে।
৫ সেপ্টেম্বর জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার, জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের ন্যায়বিচার ও দ্রুত বিচার নিশ্চিত করা, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সারসংকটের দ্রুত নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি রোধ করে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য নিয়ে আসা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে সংকীর্ণ দলীয়করণ ও দুর্নীতি বন্ধ করা।
এসএ




Comments