সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত ৯ম পে-স্কেল অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন এই বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এতে ২০তম গ্রেডের সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই ঐতিহাসিক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাস থেকে এই নতুন পে-স্কেল কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, নতুন পে-স্কেল মোট তিনটি ধাপে বাস্তবায়িত হবে। এবারের বেতন কাঠামোতে প্রথমবারের মতো ‘প্রতিবন্ধী সন্তান ভাতা’ চালু করা হয়েছে, যার আওতায় সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

এর আগে বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিসভার এই বৈঠক শুরু হয়। বৈঠকে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছিলেন যে, নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারও আগে ২৯ জুলাই অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নবম বেতন কমিশন নিয়ে কাজ চলার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
মন্ত্রিসভার এই অনুমোদনের পর এখন প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও তাদের পরিবার উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
ডিআর




Comments