Image description

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও হেনস্তার ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ঘটনার প্রতিবাদ ও নিজেদের অবস্থান জানাতে সোমবার দুপুরে দোকানপাট বন্ধ রেখে সমাবেশ করেছেন রাজবাড়ী কাপড় বাজারের ব্যবসায়ীরা। সমাবেশ থেকে শনিবারের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার খণ্ডিত ভিডিও ছড়িয়ে ‘মিথ্যা গুজব’ ছড়ানোর প্রতিবাদ জানান ব্যবসায়ীরা।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কাপড় বাজারের কাদেরিয়া মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে রাজবাড়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজির আহমেদসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কাজী বেনজির আহমেদ বলেন, অভ্যন্তরীণ সভার কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন। শনিবারের ঘটনার পর আইনগতভাবে কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়েও আলোচনা হয়েছে।

তিনি বলেন, ওই নারীকে লাথি মেরেছেন এমন দুজনকে চিহ্নিত করা হয়েছে। প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের আটকের চেষ্টা চলছে।

এসএস