বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে। এ বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে আলোচনা হয়েছে।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ও ভারতে দেশটির রাষ্ট্রদূত সার্জিও গর রোববার রাতে এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান।
তিনি বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে বোয়িংয়ের উড়োজাহাজ কেনা নিয়ে গুরুত্বপূর্ণ একটি সমঝোতা হয়েছে। এর আওতায় বাংলাদেশ বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনতে কয়েক শ কোটি ডলার ব্যয় করবে।
তবে সার্জিও গর তাঁর পোস্টে কতটি উড়োজাহাজ কেনা হবে, তা উল্লেখ করেননি। কূটনৈতিক সূত্র জানিয়েছে, অতিরিক্ত ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে আলোচনা হয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে বোয়িংয়ের কাছ থেকে ১৪টি নতুন উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে বাংলাদেশ বিমান। চুক্তিতে প্রয়োজনে আরও উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছিল।
এপ্রিলের চুক্তি অনুযায়ী, আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত হয়।
এই ১৪টি উড়োজাহাজের আনুমানিক বাজারমূল্য ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার কোটি টাকা।
চুক্তি অনুযায়ী, প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের নভেম্বরের মধ্যে বাংলাদেশে আসার কথা। বাকি উড়োজাহাজগুলো ২০৩৫ সালের অক্টোবরের মধ্যে বিমান বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যঘাটতি কমানোর আলোচনার সময় বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি সামনে আসে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর আধুনিক ও বড় করার প্রয়োজন বিবেচনা করেও অতিরিক্ত উড়োজাহাজ কেনার প্রস্তাব দেওয়া হয়।
এবার আরও ১১টি উড়োজাহাজ কেনা হলে বাংলাদেশ বিমানের বহর আরও বড় হবে। তবে এসব উড়োজাহাজের ধরন, দাম ও সরবরাহের সময় নিয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এসএস




Comments