সরকারি কর্মজীবীদের জন্য নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করাকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নতুন পে-স্কেল কার্যকর করার আগে সরকারি কর্মজীবী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় টিআইবি।
বিবৃতিতে টিআইবি জানায়, নতুন পে-স্কেল বাস্তবায়নের আগে সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করার দাবি তারা আগেও জানিয়েছে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ও ফলো-আপও করা হয়েছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, দেশের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও তিন ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যুক্তিসংগত। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাঁদের কাছ থেকে ভালো ও দুর্নীতিমুক্ত সেবা আশা করা কঠিন।
তবে জনগণের করের টাকায় বেতন-ভাতা বাড়ানোর সুফল পেতে হলে সরকারি কর্মজীবী ও তাঁদের পরিবারের নির্ভরশীল সদস্যদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রতিবছর হালনাগাদ করে প্রকাশ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ড. ইফতেখারুজ্জামান বলেন, যারা প্রতিবছর আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রকাশ করবেন, শুধু তাঁদের জন্যই নতুন বেতন-ভাতা কার্যকর করা উচিত। যারা এই হিসাব প্রকাশ করবেন না, তাঁদের জন্য নতুন পে-স্কেল কার্যকর না করার প্রস্তাব দেন তিনি।
টিআইবির মতে, এমন শর্ত চালু হলে সরকারি সেবায় দুর্নীতি ও হয়রানি কমানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানো সম্ভব হবে।
ড. ইফতেখারুজ্জামান বলেন, অনেক সরকারি কর্মজীবী অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেন। তাঁদের জন্য নতুন পে-স্কেল ন্যায়সংগত ও প্রয়োজনীয়। তবে যারা দুর্নীতি, অনিয়ম বা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ গড়ছেন, তাঁদের ক্ষেত্রে এই সুবিধা দেওয়া যুক্তিসংগত নয়।
তিনি আরও বলেন, কার্যকর জবাবদিহি নিশ্চিত না করে সবার জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করা হলে সরকারি খাতে দুর্নীতি আরও বাড়তে পারে।
২০১৫ সালে অষ্টম পে-স্কেল বাস্তবায়নের সময়ও সরকারি কর্মজীবীদের দক্ষতা ও জনসেবার মান বাড়ার আশা করা হয়েছিল উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, পরে সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, দুর্নীতি ও ঘুষের প্রবণতা বেড়েছে। এবার যাতে একই পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সম্পদবিবরণী প্রকাশ বাধ্যতামূলক করা জরুরি।
এদিকে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা বাড়লে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি বাড়তে পারে বলেও আশঙ্কা জানিয়েছে টিআইবি। এতে স্বল্পআয়ের মানুষসহ সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
তাই নতুন পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি সরকারি কর্মজীবীদের সম্পদবিবরণী প্রকাশের শর্ত কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে টিআইবি।
এসএস




Comments