বরগুনার পাথরঘাটায় ভাইয়ের সঙ্গে কথা-কাটাকাটির জেরে চাচিকে লাঠি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। নিহত পিয়ারা বেগমের (৬২) সম্পর্কে ওই যুবক দেবরের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আল আমিন (৩৬) পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত পিয়ারা বেগম ওই এলাকার মৃত আজাহার পেদার মেয়ে ও মৃত শাহজাহান মাতুব্বরের স্ত্রী। অভিযুক্ত আল আমিন একই এলাকার আ. সালাম মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আল আমিনের ছোট ভাইয়ের সঙ্গে কোনো একটি বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে চাচি পিয়ারা বেগম সেখানে যান। এ সময় আল আমিন উত্তেজিত হয়ে পিয়ারা বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় পিয়ারা বেগমকে পরিবারের সদস্যরা উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের স্বজনরা ঢাকা থেকে বরগুনার উদ্দেশে রওনা হয়েছেন।
ওসি আরও জানান, এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এসএস




Comments