Image description

ইরানে নতুন করে হামলার মধ্যেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপ অবিলম্বে সংশোধনের আহ্বান জানিয়েছে বেইজিং। একই সঙ্গে তেহরানের সাথে সংশ্লিষ্টতার কারণে চীনা কোম্পানি ও নাগরিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়াং লিং নিয়মিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক আইনে কোনো ভিত্তি নেই কিংবা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদনও নেই এমন একতরফা নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীন বারবার তাদের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে আসছে।

মুখপাত্র উল্লেখ করেন, চীনের পক্ষ থেকে বারবার বিষয়টি তুলে ধরা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ইরানের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার চীনা কোম্পানি ও নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। বেইজিং এ ধরনের পদক্ষেপের বিষয়ে তীব্র অসন্তোষ ও দৃঢ় বিরোধিতা প্রকাশ করেছে।

হুয়াং লিং আরও বলেন, যুক্তরাষ্ট্রের এই একতরফা নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্যিক আদান-প্রদানে অন্যায্যভাবে হস্তক্ষেপ করে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীল সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করে।

হুয়াং আরও বলেন, চীন যুক্তরাষ্ট্রকে তাদের ভুল কার্যক্রম অবিলম্বে সংশোধন ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছে এবং নিজেদের কোম্পানি ও নাগরিকদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় পদক্ষেপ নেবে বলে জানান।

সূত্র: সিনহুয়া। 
এমআর