Image description

আগের বিয়ে ও সন্তান থাকার কথা গোপন রেখে আবার বিয়ে করার মামলায় শারমিন সুরভী মৌসুমী নামে এক প্রবাসী নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা না দিলে আরও ৬০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

শারমিন সুরভী মৌসুমী জন্মসূত্রে বাংলাদেশি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং সেখানেই বসবাস করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, নিজের আগের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি গোপন করে জাকের আহমেদ নামে এক ব্যক্তিকে বিয়ে করেন শারমিন। পরে বিষয়টি জানতে পেরে জাকের আহমেদ আদালতে মামলা করেন।

আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মামলাটি গ্রহণ করেন। পরে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

মামলার শুনানিতে বাদী ও সাক্ষীদের বক্তব্য এবং বিভিন্ন নথি পর্যালোচনা করে আদালত শারমিনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানান। এরপর দণ্ডবিধির ৪১৭ ধারায় তাকে এক বছরের কারাদণ্ড ও জরিমানা করা হয়।

এই বিয়ের সঙ্গে যুক্ত পরিবারের কয়েকজন সদস্যকেও মামলায় আসামি করা হয়েছিল। তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল।

আইনজীবীরা মনে করছেন, বিয়ের ক্ষেত্রে তথ্য গোপন করে প্রতারণার ঘটনায় এই রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।

এসএস