চলতি বছরের আগস্টে সারা দেশে ৫৩টি মব সহিংসতা ও গণপিটুনির ঘটনায় ২৮ জন নিহত এবং ৬২ জন আহত হয়েছেন। একই সময়ে ৭০টি রাজনৈতিক সহিংসতায় সাতজন নিহত ও ৫৩৬ জন আহত হয়েছেন। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক সহিংসতার বড় অংশ ঘটেছে দলীয় কোন্দল, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা ও চাঁদাবাজিকে কেন্দ্র করে। আগস্টে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে পাঁচজন নিহত ও ১৫২ জন আহত হন। বিএনপি-জামায়াতের সংঘর্ষে একজন এবং বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
এ ছাড়া ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের ১৩টি ঘটনায় ২১৬ জন আহত হয়েছেন। রাজনৈতিক সহিংসতার পাশাপাশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
আগস্টে ৩২টি ঘটনায় ৪৫ জন সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। একই মাসে নারী ও কন্যাশিশু নির্যাতনের ২৪৯টি ঘটনা এবং ৮৪টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ১৯ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন।
এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, আগস্টে দেশের মানবাধিকার পরিস্থিতি সংবেদনশীল ও উদ্বেগজনক ছিল। পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও জবাবদিহিমূলক ও দায়িত্বশীল পদক্ষেপ নিতে হবে।
এসএস




Comments