জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ঘোষিত ৬ দফা দাবি অবিলম্বে মেনে নিন। অন্যথায় এই ৬ দফা অচিরেই এক দফায় রূপান্তর হবে, আর সেই এক দফা হলো সরকারের পদত্যাগ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আল্লাহর ওপর ভরসা করে এবং জমিনে বুকের তাজা রক্ত দিয়ে এই ৬ দফা আদায়ের লক্ষ্যে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সারা দেশে একটি নতুন সংগ্রাম শুরু হয়েছে। আমরা সরকারকে স্পষ্ট করে বলতে চাই, জনগণের দাবিগুলো মেনে নিন। দাবি না মানলে রাজপথের আন্দোলনের মাধ্যমেই আপনাদের বিদায় ঘণ্টা বাজানো হবে।”
লংমার্চের খরচ নিয়ে সমালোচনাকারীদের জবাব দিয়ে তিনি বলেন, “অনেকে প্রশ্ন করেন আমরা এত টাকা খরচ করে কেন লংমার্চ করছি। আমরা বলব, সরকারের গদি এখন নড়বড়ে হয়ে গেছে। শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে।”
বৃহত্তর কুমিল্লার মানুষের সাহসিকতার প্রশংসা করে তিনি বলেন, “কুমিল্লার মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারও কাছে মাথা নত করে না। তারা কখনও কোনো চাঁদাবাজের কাছে নতি স্বীকার করবে না।”
কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।
ডিআর




Comments