Image description

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশ গঠনে দলের নেতা-কর্মীদের প্রতি চারটি বিশেষ আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এই কাজগুলোর মাধ্যমে নেতা-কর্মীরা নিজেদের ‘সাচ্চা কর্মী’ হিসেবে প্রমাণ করার পাশাপাশি দেশ গঠনে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে এই সভা অনুষ্ঠিত হয়।

তারেক রহমান তাঁর বক্তব্যে বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং দলের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকা—এই চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচি:
প্রধানমন্ত্রী বলেন, দেশের পরিবেশ রক্ষায় বর্তমান সরকার আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করতে চায়। শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিকতায় এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। দলের প্রত্যেক কর্মীকে এতে অংশগ্রহণের মাধ্যমে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

খাল খনন কর্মসূচি:
শহীদ জিয়ার ঐতিহাসিক খাল খনন কর্মসূচির কথা স্মরণ করে তিনি বলেন, “বর্তমান সরকার এই কর্মসূচি পুনরায় চালু করেছে। আগামী ৫ বছরে আমরা ২০ হাজার কিলোমিটার খাল খনন করতে চাই। বিএনপির একজন কর্মী হিসেবে আপনারা নিজ নিজ এলাকায় এই কর্মসূচিতে অংশ নিয়ে গর্বের সাথে দেশ গঠনে ভূমিকা রাখুন।”

পরিচ্ছন্নতা অভিযান:
তারেক রহমান দলের ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, গ্রাম থেকে শুরু করে পৌরসভা—সব জায়গায় ময়লা-আবর্জনা পরিষ্কারে জনগণকে উৎসাহিত করতে হবে এবং দেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে।

দলের ভাবমূর্তি রক্ষা:
সবশেষে তিনি অত্যন্ত কঠোরভাবে সতর্ক করে বলেন, “জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতা-কর্মীকে সতর্ক থাকতে হবে। আমার এই প্রিয় দলের নাম ব্যবহার করে কেউ যেন এমন কোনো কাজ করতে না পারে, যে কাজে মানুষের কষ্ট হয়। দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়াসহ সকল শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হওয়া এই দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমানে পাঁচ দিনের কর্মসূচি পালন করছে বিএনপি।

ডিআর