প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার কার্যক্রমে ১৪টি দেশের ৫৪ হাজার ৪৭৭ জন প্রবাসী এনআইডি পেয়েছেন। এর মধ্যে ২৮ হাজারের বেশি এনআইডির স্মার্ট কার্ড প্রিন্ট করে সংশ্লিষ্ট দেশগুলোতে পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির এনআইডি অনুবিভাগের আগস্ট মাসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে ২৭ আগস্ট পর্যন্ত ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা কার্যক্রমের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্ট পর্যন্ত প্রবাসী ভোটার নিবন্ধনের জন্য ৯৯ হাজার ৮১৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে। অর্থাৎ মোট আবেদনকারীর প্রায় ৬৩ শতাংশ বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন। এখনো ৩৭ হাজারের বেশি আবেদনকারীর বায়োমেট্রিক গ্রহণ বাকি রয়েছে।
তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি আবেদন অনুমোদন পেয়েছে। আরও ৩ হাজার ৫৩৬টি আবেদন অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তদন্ত শেষে বাতিল হয়েছে ২৬ হাজার ৫৯৫টি আবেদন।
প্রবাসীদের এনআইডি সেবার বড় স্টেশন রয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেসে। এসব কেন্দ্রেই প্রবাসীদের আবেদনের বড় অংশ জমা পড়েছে।
দেশ হিসেবে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আবুধাবি ও দুবাই স্টেশনে মোট ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে। দেশটির ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে মোট ১৮ হাজার ৬২১টি আবেদন পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে আবেদন পড়েছে ১৮ হাজার ৪৭২টি। এছাড়া ইতালিতে প্রায় সাড়ে ৯ হাজার, সৌদি আরবে প্রায় ৭ হাজার, কুয়েতে ৫ হাজার ৯২১, কাতারে ৪ হাজার ৮২৯ এবং মালয়েশিয়ায় ২ হাজারের বেশি আবেদন এসেছে।
অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি স্টেশনে ১ হাজার ৪৫৯টি আবেদন পাওয়া গেছে। কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে আবেদন এসেছে ৩ হাজার ৭৯৪টি। জাপানের টোকিও স্টেশনে ৩৬৫টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২০৮ জনের বায়োমেট্রিক গ্রহণ করা হয়েছে।
এছাড়া মালদ্বীপের মালে স্টেশনে ৩২৮টি, ওমানের মাস্কাটে ২ হাজার ৫৭৩টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় ১৩৯টি আবেদন পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের আবেদনের সংখ্যা সবচেয়ে কম।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০১৯ সালে। ওই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অনলাইনে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। একই বছরের ১৮ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রম শুরু হয়।
২০২৬ সালের মাঝামাঝি সময়ে প্রবাসীদের এনআইডি সেবা ১৪টি দেশের ২৪টি স্টেশনে বিস্তৃত হয়। এসব দেশের মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকা।
এরই মধ্যে গত জুলাইয়ে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে নতুন করে এই কার্যক্রমের আওতায় আনার সিদ্ধান্ত নেয় ইসি। এর মধ্যে সিঙ্গাপুরে গত ৪ আগস্ট আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়।
এসএস




Comments