রাজধানীর দারুস সালাম থানার এলাকায় নিজ বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী আহত হয়েছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
আহত জেসমিনের ছেলে ইয়াসিন জানান, রাত সাড়ে ৮টার দিকে তার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা খোলা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার মায়ের ডান হাতে লাগে। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে পড়ে যান।
খবর পেয়ে ইয়াসিন তার মাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
জেসমিনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উত্তর দাল্লা গ্রামে। বর্তমানে তিনি স্বামী আব্দুল মান্নানের সঙ্গে দারুস সালাম থানার মসজিদ গলির একটি টিনশেড বাসার নিচতলায় ভাড়া থাকেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ডান হাতে গুলিবিদ্ধ এক নারী জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
এসএস




Comments