গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০ মাসে ৬ হাজার ৮৪৯ মামলা নিষ্পত্তি
গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলতি বছরের ১০ মাসে ৬ হাজার ৮৪৯টি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোর মধ্যে সিআর, জিআরসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, জেলার বিচারিক ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য অর্জন।
গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজাউল করিম সরকার এ তথ্য জানিয়েছেন।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাথমিকভাবে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ১৮ হাজার ৯৫৬টি। এরপর ২৫ অক্টোবর পর্যন্ত ১০ মাসে নতুন করে ৭ হাজার ৭৮৩টি মামলা দায়ের হয়।
এ ছাড়া জেলা জজ আদালত থেকে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার পাঁচ লাখ টাকা পর্যন্ত আর্থিক লেনদেনসংক্রান্ত মামলাসহ বদলিসূত্রে প্রাপ্ত মামলাগুলো নিয়ে এ আদালতে মোট বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়ায় ২০ হাজার ২১৩টিতে। একই সময়ে এসব মামলার মধ্য থেকে ২১ হাজার ৯৭টি মামলা বিচারের জন্য বিভিন্ন আদালতে বদলি করা হয়েছে। বর্তমানে গাইবান্ধা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৯ হাজার ৬টি মামলা বিচারাধীন রয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অবকাঠামো ও বিচারকসংকটের মধ্যেও মামলা নিষ্পত্তির এ অগ্রগতি অর্জিত হয়েছে। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট ১১টি বিচারকের পদ থাকলেও এর মধ্যে চারটি পদ শূন্য রয়েছে। বর্তমানে কর্মরত আছেন সাতজন বিচারক।
বিচারসংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২০২৫ সালের নভেম্বর মাসে গাইবান্ধায় যোগদানের পর থেকে মামলা নিষ্পত্তির গতি বেড়েছে এবং মামলাজট কমাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক হিপজুর আলম মুন্সী বলেন, নির্ধারিত দিনে সাক্ষীরা আদালতে উপস্থিত না হওয়ায় অনেক সময় মামলা নিষ্পত্তিতে বিলম্ব ঘটে। তবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকদের তৎপরতা ও নিয়মিত তাগাদার ফলে সময়মতো সাক্ষী হাজির করা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এ কারণে গত ১০ মাসে বিপুলসংখ্যক মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান বলেন, সম্প্রতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা নিষ্পত্তির হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিচারপ্রার্থীরা উপকৃত হচ্ছেন এবং বিচারপ্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি সাধিত হচ্ছে।
এসএ




Comments