Image description

রাজধানীর কদমতলীর শনিরআখড়ায় একটি ক্রোকারিজের দোকানে ঢুকে মো. আসলাম খান (৩৮) নামে এক ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঞ্জুরুল ইসলাম ওরফে মঞ্জু নামে এক ব্যক্তিকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি, একটি কার্তুজ ও একটি গুলির খোসাসহ আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে শনিরআখড়ার একটি দোকানে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আসলাম খানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাসেল, মোহনসহ আরও তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও আহত ব্যবসায়ীর শ্বশুর বাদলের বরাত দিয়ে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি দোকানের উত্তর পাশের গলি দিয়ে পূর্ব দিকে যায়। কিছুক্ষণ পর তারা ফিরে আসে। এ সময় একজন দুই হাতে দুটি পিস্তল নিয়ে দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে।

আসলামের বাম গালের নিচে ও ডান হাতে গুলি লাগে। এ সময় তিনি দোকানের চামচ দিয়ে হামলাকারীকে প্রতিহত ও আটকানোর চেষ্টা করেন। একপর্যায়ে গুলি করতে করতে দোকান থেকে বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি।

তখন দোকানের কর্মচারী রাসেল, মোহনসহ স্থানীয় লোকজন তাকে ধরে ফেলেন। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আসলামের স্বজনদের দাবি, জমি নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে।

কদমতলী থানার পুলিশ পরিদর্শক সজীব কুমার বারৈ বলেন, মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে ব্যবসায়ী আসলাম খানকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি করেন। এতে তার বাম গালের নিচে ও ডান হাতে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, নয় রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসএস