Image description

ফুটবল বিশ্বের চিরন্তন বিতর্ক—সেরা কে? লিওনেল মেসি নাকি ক্রিশ্চিয়ানো রোনালদো। গত দুই দশকে মাঠের লড়াইয়ে একে অপরের মুখোমুখি হয়েছেন ৩৭ বার, নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন ১৩টি ব্যালন ডি’অর। তবে এবার ফুটবল ইতিহাসের সেই মাহেন্দ্রক্ষণ আসতে পারে, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই মহাতারকাকে দেখা যেতে পারে একই দলের জার্সিতে।

আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ নিজের দীর্ঘ প্রতীক্ষিত বিদায়ী ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, বোকা জুনিয়র্সের বিখ্যাত মাঠ ‘লা বোম্বোনেরায়’ এই ম্যাচটি আয়োজনের বিষয়ে ক্লাবের সভাপতি হুয়ান রোমান রিকেলমের সঙ্গে আলোচনা করেছেন তেভেজ। রিকেলমে এই ম্যাচে খেলতে রাজি হওয়ার পাশাপাশি আয়োজনের সবুজ সংকেতও দিয়েছেন।

তেভেজের মূল পরিকল্পনা হলো, তাঁর বিদায়ী ম্যাচে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে একই দলে খেলানো। এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, “আমি মেসি ও রোনালদোকে একসঙ্গে দেখতে চাই। আমার ইচ্ছা ওরা একই দলে হয়ে মাঠে নামুক। আমি ওদের নিয়ে আসার চেষ্টা করব।”

ফুটবল প্রেমীদের দীর্ঘ আড়াই দশকের প্রতীক্ষা ফুরাতে পারে এই ম্যাচের মাধ্যমে। যেহেতু তেভেজের সঙ্গে মেসি ও রোনালদো—উভয় তারকারই সুসম্পর্ক রয়েছে, তাই ভক্তদের আশা তেভেজ তাঁদের রাজি করাতে সক্ষম হবেন।

ঐতিহাসিক এই ম্যাচে শুধু মেসি-রোনালদোই নন, আরও অংশ নিতে পারেন জিয়ানলুইগি বুফোঁ, লিয়োনার্দো বোনুচ্চি, জিয়োর্জিও চিয়েলিনি এবং এডউইন ফন ডার সারের মতো বিশ্বখ্যাত ফুটবলাররা। প্রায় ৬০ জন কিংবদন্তি ফুটবলারকে এই বিদায়ী প্রদর্শনী ম্যাচে দেখা যেতে পারে।

২০২১ সালে বোকা জুনিয়র্সের হয়ে খেলার পর ফুটবলকে বিদায় জানিয়েছিলেন তেভেজ। তবে প্রায় পাঁচ বছর পর এবার আনুষ্ঠানিকভাবে মাঠ থেকে বিদায় নিতে চান তিনি। বর্তমানে বোকা জুনিয়র্সের সূচি বিবেচনা করে ম্যাচের তারিখ চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।

ডিআর