Image description

মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের প্রস্তুতিকালে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীরা জড়ো হচ্ছিলেন। এসময় হঠাৎ বিকট শব্দে পরপর দুটি বিস্ফোরণ ঘটে। এর মধ্যে একটি বিস্ফোরণ সড়কের পাশে থাকা দেবদারু গাছের ওপর এবং অন্যটি মাটিতে ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকা সাদা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এবং আতঙ্কিত নেতা-কর্মী ও সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ইলেকট্রিক সার্কিটসহ বিস্ফোরণের বিভিন্ন আলামত জব্দ করে। এর কিছুক্ষণ পর বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়া বাজারের পাশে প্রধান সড়কে শোভাযাত্রার জন্য নেতা-কর্মীরা জড়ো হলে পার্শ্ববর্তী আনসার-ভিডিপি ক্লাবের কাছ থেকে আরও একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল অভিযোগ করে বলেন, "আমাদের শান্তিপূর্ণ প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ বানচাল করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটিয়েছে।"

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। উদ্ধার করা আলামত পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

ডিআর