ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সঙ্গে সূচির সংঘাত এড়াতে আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং টুর্নামেন্টের আট ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। গত ১ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিত পিএসএল পরিচালনা পর্ষদের এক সভায় এই প্রস্তাব উত্থাপন করা হয়।
পিএসএলের সম্প্রচার ও ডিজিটাল স্বত্বধারী প্রতিষ্ঠান ওয়ালি টেকনোলজিস মূলত এই পরিবর্তনের প্রস্তাব দিয়েছে। তাদের যুক্তি অনুযায়ী, সাধারণত এপ্রিল-মে মাসে টুর্নামেন্ট আয়োজন করা হলে তা রমজান পরবর্তী সময়ে পড়ে। ওই সময়ে অনেক করপোরেট প্রতিষ্ঠানের বিপণন ও বিজ্ঞাপনের বাজেটের বড় অংশ শেষ হয়ে যায়, ফলে টেলিভিশন বিজ্ঞাপন থেকে প্রত্যাশিত আয় পাওয়া কঠিন হয়। এছাড়া মার্চ থেকে মে মাস পর্যন্ত আইপিএল চলায় বৈশ্বিক বিজ্ঞাপনের বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়ে।
তবে সূচি পরিবর্তনের এই প্রস্তাবে ফ্র্যাঞ্চাইজি মালিকেরা কিছুটা শঙ্কিত। তাঁরা নিশ্চিত হতে চান যে, সময় বদলালেও সম্প্রচার স্বত্ব থেকে তাঁদের প্রাপ্য অর্থের কোনো হেরফের হবে কি না। বর্তমান চুক্তি অনুযায়ী, কেন্দ্রীয় রাজস্ব তহবিলের সম্প্রচার আয়ের ৯৫ শতাংশ পায় আটটি ফ্র্যাঞ্চাইজি।
উল্লেখ্য, ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হতো। তবে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি এবং ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের কারণে টুর্নামেন্টের সূচি এপ্রিল-মে মাসে সরিয়ে নেওয়া হয়েছিল। এখন আইপিএলের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে জানুয়ারি-ফেব্রুয়ারিতে ফিরে যাওয়ার চিন্তা করা হচ্ছে।
তবে এই নতুন সূচি চূড়ান্ত হলে পিএসএলকে বিশ্বসেরা বিদেশি ক্রিকেটারদের পেতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। সভায় টুর্নামেন্টের ভেন্যু নিয়েও আলোচনা হয়, যেখানে সিন্ধু প্রদেশের করাচিতে শুরু করে পরে পাঞ্জাব হয়ে খাইবার পাখতুনখোয়ার পেশোয়ারে সমাপনী ম্যাচগুলো আয়োজনের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।
ডিআর




Comments