ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্র্যাঞ্চের (এসবি) সদস্য আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় মুন্সিগঞ্জ থেকে চারজনকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৬ সেপ্টেম্বর) রাতে র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তবে গ্রেফতার ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
র্যাব জানিয়েছে, গ্রেফতার চারজনকে নিয়ে সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে। সেখানে তাদের পরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) সাভারের আমিনবাজারের বড়দেশি মদিনা হাউজিং এলাকায় আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। তিনি এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দেশি মদিনা হাউজিং এলাকার একটি গেঞ্জি কারখানার সামনে প্রাইভেটকার রাখা নিয়ে আলতাফ হোসেন ও তার ছেলে আরিফুলের সঙ্গে ১০ থেকে ১৫ জনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের ওপর হামলা চালানো হয়।
পরে রাত সাড়ে ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় বাবা ও ছেলেকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা আলতাফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নিহত আলতাফ হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সাধুপাড়া গ্রামের প্রয়াত জুরাইন আলী শেখের ছেলে। তিনি পরিবার নিয়ে আমিনবাজারের বড়দেশি মদিনা সিটি এলাকায় বসবাস করতেন।
এসএস




Comments