বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বছরে বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।
রোববার (৬ সেপ্টেম্বর) বিদ্যমান ভ্রমণ-সুবিধা সংশোধন করে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলার অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে একটি পঞ্জিকাবর্ষে বিদেশ ভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের প্রকৃত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় নিয়ে এই সীমা বাড়ানো হয়েছে।
তবে ১২ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে আগের নিয়মই থাকছে। তারা প্রাপ্তবয়স্কদের অনুমোদিত সীমার ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে।
নগদ ডলার নেওয়ার সীমা অপরিবর্তিত
ভ্রমণ কোটার পরিমাণ বাড়ানো হলেও নগদ মার্কিন ডলার নেওয়ার ক্ষেত্রে আগের সীমা পরিবর্তন করা হয়নি। একজন ভ্রমণকারী তার বার্ষিক ভ্রমণ কোটার মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ডলার নগদ নোট হিসেবে নিতে পারবেন।
নতুন নিয়মের ফলে পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা এবং অন্যান্য অনুমোদিত কাজে বিদেশ ভ্রমণের সময় বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারে আরও সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে প্রাপ্তবয়স্ক নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটা ছিল ১২ হাজার ডলার। নতুন সিদ্ধান্তে তা ৬ হাজার ডলার বা ৫০ শতাংশ বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে।
এসএস




Comments