ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতন এলাকায় শিক্ষার্থীদের একটি হোস্টেল ভবন ধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ১৫ থেকে ২০ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে ছয়তলা ভবনটি ধসে পড়ে। ভবনটির বেসমেন্টে মেরামতের কাজ চলছিল। এটি শিক্ষার্থীদের পেইং গেস্ট (পিজি) হিসেবে ব্যবহৃত হতো।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ভবন ধসের পর চার শিক্ষার্থীকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের হাত ও পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। আরেকজন সামান্য আহত হওয়ায় চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
আটকে পড়াদের উদ্ধারে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দুটি দল ও একটি ডগ স্কোয়াড উদ্ধারকাজে অংশ নেয়। জীবিতদের খুঁজে বের করতে ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। আটকে পড়াদের শ্বাস নিতে সহায়তার জন্য ধ্বংসস্তূপের নিচে অক্সিজেন সিলিন্ডারও পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই হোস্টেলের বেশিরভাগ শিক্ষার্থী কেরালা, হরিয়ানা ও উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। তারা আশপাশের বিভিন্ন কলেজে পড়াশোনা করতেন।
এদিকে, ভবন ধসের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণকাজ চালানো হচ্ছে এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।
এসএস




Comments