রাজধানীর যাত্রাবাড়ীতে মাদক নিয়ে বিরোধের জেরে দুর্বৃত্তদের গুলিতে ইমরান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জাকারিয়া নামে আরও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ধলপুরের বাদল সরদারের গলির একটি রিকশার গ্যারেজে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে ইমরান ও জাকারিয়া ধলপুরের বাদল সরদারের গলিতে শরিফের রিকশার গ্যারেজে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে হেলমেট পরা ৬-৭ জন ব্যক্তি সেখানে এসে ইমরানকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে।
এ সময় ইমরানের মাথায় গুলি লাগলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। জাকারিয়ার হাঁটু ও ডান হাতের কব্জিতে গুলি লাগে।
পরে স্বজনরা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
যাত্রাবাড়ী থানার ওসি মো. রাজু বলেন, মাদক নিয়ে বিরোধের জেরে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এ ঘটনায় জড়িতদের কাউকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।
এসএস




Comments