Image description

সৌদি আরবের জিজান শহরে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি তেল স্থাপনায় ফের হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) হামলাটি হয়েছে বলে বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তি জানিয়েছেন।

ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের পর আবারও হামলার শিকার হলো সৌদি আরামকো। তবে সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, সর্বশেষ হামলার মাত্রা গত মাসের হামলার প্রায় সমান। তবে সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

হামলার খবর ছড়িয়ে পড়ার পর সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৪০ ডলারে দাঁড়ায়।

ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি আরবের শিল্পনগরী জিজান অতীতেও হুতিদের হামলার লক্ষ্য হয়েছে। তবে সর্বশেষ হামলার দায় এখনো স্বীকার করেনি ইরান-সমর্থিত হুতিরা।

গত জুলাইয়ে সৌদি আরবের লোহিত সাগরীয় বন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পর হুতিদের সঙ্গে দেশটির ফের সংঘাত শুরু হয়। এরপর কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের তেল অবকাঠামো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।

জিজানে প্রতিদিন ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতাসম্পন্ন একটি শোধনাগার রয়েছে। এর সঙ্গে বিভিন্ন কারখানা ও জ্বালানি অবকাঠামোও রয়েছে।

এনএ