উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তাঁর মতে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মস্কোতে এক অনুষ্ঠানে ল্যাভরভ বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে রাশিয়া উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানকে নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের প্রস্তাব দিয়ে আসছে। আলোচনার মাধ্যমে পারস্পরিক অভিযোগ দূর করে আস্থা তৈরির উদ্যোগ নেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।
গত ৭ আগস্ট পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সই হয়। চুক্তিতে পারস্পরিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার ব্যবস্থা রয়েছে। ল্যাভরভ বলেন, ভবিষ্যতে এই কাঠামোর সদস্যপদ অন্য দেশগুলোর জন্য উন্মুক্ত হলে ইরানকেও যুক্ত করার বিষয়টি বিবেচনা করা উচিত।
তবে ইরানকে চুক্তিতে যুক্ত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালির উত্তেজনা বড় বাধা হতে পারে। কারণ, চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি থাকায় কোনো সদস্যের ওপর হামলা হলে অন্য সদস্যদেরও প্রতিরোধে এগিয়ে আসার বাধ্যবাধকতা তৈরি হতে পারে।
ল্যাভরভ জানান, রাশিয়া এমন কোনো আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় নেতৃত্ব নেওয়ার চেষ্টা করবে না; বরং আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সহযোগিতাকেই গুরুত্ব দেবে।
এসএস




Comments