রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। তবে বৃষ্টি হলেও নগরবাসীকে ভ্যাপসা গরম থেকে আবহাওয়া পুরোপুরি স্বস্তি নাও দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ঢাকায় দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। এই সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় রেকর্ড করা হয় ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। এর আগে গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস এবং গত ২৪ ঘণ্টায় ৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।
ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আজ দুপুর ১টা পর্যন্ত কোনো সতর্কবার্তা বা সংকেত নেই।
এদিকে সারাদেশের আবহাওয়ার সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহসহ প্রায় সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যার ফলে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
ডিআর




Comments