নারী এশিয়া কাপের সেমিফাইনালে শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আগে বাড়তি কোনো মানসিক চাপ নিতে রাজি নয় বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটিকে কঠিন বাধা হিসেবে না দেখে বিশ্বসেরাদের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পরিকল্পনা ছিল সেমিফাইনালে ভারতকে এড়িয়ে ফাইনালে ওঠার পথ সহজ করা। তবে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেই সমীকরণ বদলে গেছে। ফলে ফাইনালের টিকিট নিশ্চিত করতে এখন টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ভারতের বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশ কিছুটা পিছিয়ে থেকেই শুরু করবে—এটাই বাস্তবতা। তবে সেটিকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচক মানসিকতা ধরে রাখার আহ্বান জানিয়েছেন সুপ্তা। তার মতে, শিরোপা জিততে হলে সেরা দলগুলোকেই হারাতে হবে। তাই ভারতের মতো প্রতিপক্ষের বিপক্ষে খেলা ভয়ের কিছু নয়; বরং নিজেদের প্রমাণের বড় সুযোগ।
সেমিফাইনালে জিততে হলে বাংলাদেশের ব্যাটিং বিভাগকে ঘুরে দাঁড়াতে হবে। টুর্নামেন্টে বোলাররা ভালো করলেও ব্যাটারদের পারফরম্যান্স ছিল ওঠানামার মধ্যে। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ এবং শ্রীলঙ্কার বিপক্ষে ১১৪ রান করার পর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র ১০৩ রান করে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে একাদশে ফিরে ৩১ বলে গুরুত্বপূর্ণ ৩৭ রানের ইনিংস খেলেন সুপ্তা। নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে ৪২ রানের জুটি গড়ে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
সেই কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার আত্মবিশ্বাস এবং দুবাইয়ের তীব্র গরম উপেক্ষা করে মাঠে আসা প্রবাসী দর্শকদের অকুণ্ঠ সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে চায় বাংলাদেশ। এখন লক্ষ্য একটাই—চাপ নয়, উপভোগের মানসিকতা নিয়ে মাঠে নেমে বড় দলের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া।
ডিআর




Comments