Image description

বরিশাল নগরীর একটি ময়লার স্তূপ থেকে বইয়ম ভর্তি দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া নবজাতক দুটির মধ্যে একটি ছেলে ও অপরটি মেয়ে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে একটি ময়লার স্তূপ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ওই এলাকার ময়লা অপসারণ করছিলেন। এ সময় ময়লার স্তূপের মধ্যে বইয়ম ভর্তি দুই নবজাতকের মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা জানা যায়নি।

তিনি আরও জানান, ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল কাজ করছে। নবজাতক দুটির পরিচয় এবং মরদেহ ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিআর