ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জয় দিয়ে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের রাতেও স্বস্তি ফেরেনি সান্তিয়াগো বার্নাব্যুতে। বরং ফের আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। গোল বা অ্যাসিস্ট করতে না পারায় ম্যাচের শেষ দিকে ব্রাজিলিয়ান তারকাকে দুয়োধ্বনি শুনতে হয়েছে গ্যালারির একাংশের কাছ থেকে।
ইন্টারের বিপক্ষে শুরু থেকেই সক্রিয় ছিলেন ভিনিসিয়ুস। তবে আক্রমণে নিজের সেরাটা দিতে পারেননি। কয়েকটি সুযোগও কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। তবে রক্ষণে দলের জন্য বেশ পরিশ্রম করেছেন তিনি। ম্যাচে নয়বার বলও পুনরুদ্ধার করেছেন।
রিয়ালের হয়ে কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে কার্লোস অগুস্তোর গোলে ব্যবধান কমায় ইন্টার। এরপর শেষ ১৫ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে রীতিমতো পরীক্ষা দিতে হয় রিয়ালকে। থিবো কোর্তোয়ার একাধিক গুরুত্বপূর্ণ সেভ শেষ পর্যন্ত স্বাগতিকদের জয় নিশ্চিত করে।
এই উত্তেজনাপূর্ণ শেষ মুহূর্তেই ভিনিসিয়ুসকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন কোচ হোসে মরিনিও। ৮৭ মিনিটে মাঠ ছাড়ার সময় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দুয়োধ্বনি দেন গ্যালারির একাংশ। জবাবে ভিনিসিয়ুসও দর্শকদের দিকে হাততালি দেন। তখনই তাঁর পাশে দাঁড়িয়ে হাততালি দিতে দিতে তাঁকে সান্ত্বনা দেন মরিনিও।
ম্যাচ শেষে ভিনিসিয়ুসের পক্ষেই কথা বলেছেন রিয়াল কোচ। মরিনিও স্বীকার করেছেন, ব্রাজিলিয়ান তারকা এখনো সেরা ছন্দে নেই। তবে দলের জন্য তাঁর পরিশ্রমকে গুরুত্ব দিয়েছেন তিনি। মরিনিও বলেন, ভিনিসিয়ুস সর্বোচ্চটা দিয়ে যে খেলোয়াড় চেষ্টা করে, সে সম্মানের দাবিদার।
এমআর




Comments