Image description

দেশের নদ-নদীর পানি বাড়ায় চার জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। বুধবার (৯ সেপ্টেম্বর) এমন তথ্য জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাউবো জানিয়েছে, দেশের সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিনদিন দেশের অভ্যন্তরে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চলে ও তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল রয়েছে, অপরদিকে যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী পাঁচদিন স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। গঙ্গা নদীর পানি সমতল আগামী দুইদিন বাড়তে পারে ও পরবর্তী তিনদিন হ্রাস পেতে পারে। অপরদিকে পদ্মা নদীর পানি সমতল আগামী তিনদিন বাড়তে পারে ও পরবর্তী দুইদিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় গঙ্গা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় গড়াই ও মাথাভাঙা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে; যা আগামী তিনদিন বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় গড়াই নদী ফরিদপুর, রাজবাড়ী ও মাগুরা জেলার কিছু স্থানে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া উত্তরাঞ্চলীয় তিস্তা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি সমতল আগামী দুইদিন বৃদ্ধি পেতে পারে ও ৩য় দিন স্থিতিশীল থাকতে পারে, অপরদিকে ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী তিনদিন স্থিতিশীল থাকতে পারে।

উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে, অপরদিকে সুরমা নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। ওই নদীগুলোর পানি সমতল বাড়তে পারে আগামী তিনদিন।
এমআর