বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান পূর্বতন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। এ উপলক্ষে কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষরের মাধ্যমে নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান ১৯৮৯ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। পরে ১৯৯২ সালের ১ জানুয়ারি নৌবাহিনীর এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন।
দীর্ঘ সামরিক জীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও নেতৃত্বমূলক দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বাংলাদেশ নেভাল ফ্লিট, বাংলাদেশ নৌবাহিনীর নেভি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের প্রথম কমান্ড্যান্ট এবং কমোডর নেভাল এভিয়েশনের দায়িত্ব উল্লেখযোগ্য।
এছাড়া তিনি নৌ সদর দপ্তরে পরিচালক নৌ পরিকল্পনা, পরিচালক নৌ এভিয়েশন ও নেভাল সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপমহাপরিচালক পদেও দায়িত্ব পালন করেন তিনি।
রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান দেশ-বিদেশে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ ও শিক্ষা গ্রহণ করেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজের গ্র্যাজুয়েট। এছাড়া যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজ থেকে নেভাল কমান্ড কলেজ কোর্স সম্পন্ন করেন।
পেশাগত জীবনে তিনি একটি করভেট, দুটি অফশোর প্যাট্রোল ভেসেল, তিনটি ফাস্ট অ্যাটাক ক্রাফট ও একটি মিসাইল বোটের অধিনায়কত্ব করেছেন। পাশাপাশি নেভাল এভিয়েশন উইংয়ের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭-২০০৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইন আইভরি কোস্টে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মহড়া, সম্মেলন ও সেমিনারে অংশ নেন।
সামরিক দায়িত্বে অবদানের স্বীকৃতি হিসেবে রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান বাংলাদেশ নৌবাহিনীর শান্তিকালীন সর্বোচ্চ পদক ‘নৌবাহিনী পদক’, ‘বিশিষ্ট সেবা পদক’ এবং বাংলাদেশ কোস্ট গার্ড পদক অর্জন করেছেন।
নতুন মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ কোস্ট গার্ডের সক্ষমতা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর হবে এবং দেশের সমুদ্রসীমা, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
এমআর




Comments