Image description

হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর সিএনজি অটোরিকশার চালক পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি-চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল দেব মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের পানিহাতা গ্রামের মৃত মনমোহন দেবের ছেলে। তিনি মনতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুলাল দেব মনতলা থেকে সিএনজি অটোরিকশাযোগে চুনারুঘাটের মুরারবন্দে হযরত সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। পথে চাকলা এলাকায় পৌঁছালে সিএনজি অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই দুলাল দেবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যান।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি অথবা চালকের অসাবধানতার কারণে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসএ