Image description

ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের পাভলোহরাদ শহরের একটি শপিং মলে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৭ জন। আহতদের মধ্যে আটজন শিশু।

বৃহস্পতিবার দিনের বেলায় মানুষের ভিড়ের মধ্যে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ভিহিভস্কি বলেন, হামলায় শপিং মলের দোকানপাট ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ওলেকসান্দর হানঝা জানান, হামলার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, শপিং মলের আশপাশে থাকা বেসামরিক মানুষকে লক্ষ্য করে রুশ বাহিনী ড্রোন হামলা চালিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা এ হামলাকে রাশিয়ার ‘চাপ প্রয়োগের কৌশল’ বলে মন্তব্য করেছেন। তার অভিযোগ, বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়ে ইউক্রেনকে যুদ্ধ বন্ধে ছাড় দিতে বাধ্য করার চেষ্টা করছে রাশিয়া।

পাভলোহরাদ দনিপ্রো শহরের কাছের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও সরবরাহকেন্দ্র। এর আগেও শহরটিতে রুশ হামলা হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের আরও কয়েকটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। বুধবার সুমি শহরের একটি শপিং মলে হামলায় দুজন নিহত ও ২০ জন আহত হন বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন। সোমবার জাপোরিঝঝিয়া শহরের একটি শপিং মলও রুশ হামলায় প্রায় পুরোপুরি ধ্বংস হয়েছে।

অন্যদিকে, রাশিয়াও ইউক্রেনের হামলায় হতাহতের দাবি করেছে। রুশ কর্মকর্তাদের ভাষ্য, বুধবার রাতে সোচি শহরের উপকূলে ইউক্রেনের ড্রোন হামলায় ২৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন শিশু।

এসএস