ওল্ড ট্রাফোর্ডে উত্তেজনা, লাল কার্ড ও ভিএআর নাটকের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ২৩তম মিনিটে বিতর্কিত ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন সিটির ফিল ফোডেন। ফলে ১০ জনের দল নিয়ে ম্যাচের বাকি সময় খেলতে হয় সিটিকে।
তবে একজন কম নিয়েও ৬০তম মিনিটে গোল পায় পেপ গার্দিওলার দল। জোসকো গাভার্দিওলের ক্রস থেকে পেছনের পোস্টে দারুণ ফিনিশিংয়ে গোল করেন আর্লিং হালান্ড। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলেও দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর সেটি বৈধ ঘোষণা করা হয়।
গোল হজমের পর ম্যাচের শেষ দিকে আক্রমণে মরিয়া হয়ে ওঠে ইউনাইটেড। তবে সিটির রক্ষণে আর কোনো ফাটল ধরাতে পারেনি স্বাগতিকরা।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। চার ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে চার ম্যাচে এক জয়, এক ড্র ও দুই হারে ৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
এসএস




Comments