কুমিল্লার মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে ফুফু ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের দড়ানীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দড়ানীপাড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মনজুরুল আলম টিটু (৩৫) এবং একই গ্রামের জসীম উদ্দীনের স্ত্রী খালেদা আক্তার (৭০)। সম্পর্কে তারা ফুফু ও ভাতিজা।
স্থানীয়রা জানান, জায়গা নিয়ে খালেদা আক্তারের সঙ্গে তার ভাই মোস্তাক আহমেদ আবু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় আবু মিয়া দলবল নিয়ে খালেদা আক্তার ও মনজুরুল আলম টিটুর ওপর হামলা চালান। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে দুজনকে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে গিয়ে দুজনের মরদেহ পাওয়া যায়। আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাই-বোনের মধ্যে জায়গা নিয়ে বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএস




Comments