Image description

পটুয়াখালীর দুমকি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ টাকা ও একটি স্মার্টফোনসহ তাজউদ্দিন খান (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মো. মাসুম (২৫) নামে তার অপর এক সহযোগী পালিয়ে যায়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে দুমকি থানাধীন শ্রীরামপুর ইউনিয়নের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন বাজার গেটসংলগ্ন ‘পাপিয়া কফি হাউজ’-এর সামনের পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দুমকি থানার এসআই মো. সজিব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইয়ামিন খানের ছেলে তাজউদ্দিন খানকে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের পকেট থেকে ০.৭ গ্রাম ওজনের ৭ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৬০ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি VIVO Y12A মডেলের অফ-হোয়াইট রঙের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাজউদ্দিন পুলিশকে জানায়, সে দুমকি থানার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পলাতক আসামি মো. মাসুমের কাছ থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় আত্মগোপনে থেকে খুচরা বিক্রি করে আসছিল।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, এ ঘটনায় এসআই মো. সজিব বাদী হয়ে গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/২৬/৪১ ধারায় দুমকি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার নম্বর ১২ এবং জিআর নম্বর ৭৩।

ওসি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএ