Image description

বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে পারস্পরিক দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে আঞ্চলিক সম্পৃক্ততা আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই জোটকে অধিকতর কার্যকর করতে পারস্পরিক বিশ্বাস, দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা এবং অভিন্ন উদ্দেশ্য বজায় রাখার ওপর তিনি বিশেষভাবে জোর দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি অভিজাত হোটেলে বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন বিমসটেকের মহাসচিব ইন্দ্র মনি পান্ডে ও তাঁর স্ত্রী সুষমা পান্ডে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে বিমসটেক সদস্য দেশের কূটনীতিক, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, "বিমসটেককে বাস্তবে সফল করতে হলে দ্বিপক্ষীয় তিক্ততা বা উত্তেজনা নিয়ে পড়ে থাকলে চলবে না, বরং বহুপক্ষীয় সম্পৃক্ততার পরিধি আরও বাড়াতে হবে। দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমেই ভারতের মতো প্রতিবেশীদের সঙ্গে নতুন সম্পর্কের সূচনা সম্ভব। কিন্তু মতপার্থক্য থাকলেও আমাদের আঞ্চলিক সহযোগিতার বৃহৎ পরিসর থেকে সরে আসা উচিত নয়।"

প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দেন যে, ২০২৭ সালে ঢাকায় পরবর্তী বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই শীর্ষ সম্মেলন জোটের অগ্রগতি পর্যালোচনা, নতুন অগ্রাধিকার নির্ধারণ এবং অভিন্ন আঞ্চলিক কর্মসূচিতে উচ্চপর্যায়ের রাজনৈতিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে। ঢাকা এই গুরুত্বপূর্ণ সম্মেলন আয়োজনের পাশাপাশি বিমসটেকের বর্তমান চেয়ারম্যান ও সচিবালয়ের আয়োজক দেশ হিসেবে বলিষ্ঠ নেতৃত্ব দিতে অঙ্গীকারবদ্ধ।

হুমায়ুন কবির বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকা প্রতিষ্ঠা এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক 'সুনীল অর্থনীতি' (Blue Economy)-র সম্ভাবনাকে কাজে লাগানোর জোর দাবি জানান। তিনি বলেন, বঙ্গোপসাগরের মৎস্যসম্পদ, আধুনিক নৌপরিবহন পথ, নবায়নযোগ্য জ্বালানি ও সামুদ্রিক পর্যটন এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হতে পারে। এছাড়া সন্ত্রাসবাদ দমন, মানবপাচার রোধ, সাইবার নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিতে সদস্য দেশগুলোর যৌথ সহযোগিতার কোনো বিকল্প নেই।

১২ বছর আগে ঢাকায় বিমসটেক সচিবালয় প্রতিষ্ঠার স্মৃতি উল্লেখ করে তিনি বিমসটেকের মহাসচিব ও তাঁর দলের প্রশংসনীয় ভূমিকার কথা তুলে ধরেন। প্রতিমন্ত্রী বিশ্বাস ব্যক্ত করেন, প্রয়োজনীয় অবকাঠামোগত সংযোগ এবং পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির বিনিময়ের মাধ্যমে বিমসটেককে কেবল সরকারকেন্দ্রিক নয়, বরং একটি জীবন্ত ও জনগণকেন্দ্রিক আঞ্চলিক কমিউনিটিতে রূপান্তর করা সম্ভব।

ডিআর