মৌলভীবাজারের জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট এবং বিভিন্ন ক্রীড়া ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জুড়ী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম সেলু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সরফ উদ্দিনসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও কল্যাণে সরকার বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় চা শ্রমিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও ধাপে ধাপে এসব কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে ফুটবল, ক্রিকেট, কাবাডি ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলাধুলার সুযোগ বাড়াতে হবে। প্রতিটি চা-বাগানকে মাদকমুক্ত রাখতে বাগান পঞ্চায়েত, শ্রমিক ও বাগান ব্যবস্থাপনাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য আরও বলেন, জুড়ীতে ‘চা বাগান শ্রমিক/পোষ্য ও প্রকল্প এলাকার অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম ও সেবা প্রদান’ প্রকল্পের আওতায় বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোটসহ প্রয়োজনীয় উপকরণ এবং বিভিন্ন ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
তিনি জানান, পর্যায়ক্রমে রেইনকোট, সেলাই মেশিন, সাইকেল, হুইলচেয়ার ও গবাদিপশুসহ বিভিন্ন কল্যাণমূলক উপকরণ বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে। চা শ্রমিকদের কল্যাণে সরকারের উদ্যোগগুলো বাস্তবায়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, চা শ্রমিক সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন ক্রীড়া ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং চা-বাগানের গ্রাম পঞ্চায়েতের সভাপতিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এসএ




Comments