খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় ১৭ পিস ইয়াবাসহ এক মুদি দোকানদার ও দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— উপজেলার কাশিমনগর এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে মো. ফরহাদ হোসেন রাশিফ (২২), মো. নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) এবং দোকান মালিক ও চা দোকানি সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই মুদি ও চা দোকানের আড়ালে গোপনে সুসংগঠিতভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন অভিযুক্তরা। রাতের বেলা দোকানের সাটার নামিয়ে বা ভেতরে আড়ালে গভীর রাত পর্যন্ত চলত মাদক বিকিকিনি। রোববার রাতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাঁরা পুলিশকে খবর দেন এবং অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, মুদি দোকানের আড়ালে মাদক কেনাবেচা চলছে—এমন সুনির্দিষ্ট ও গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ওই দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় হাতেনাতে ১৭ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের ভয়াল থাবা রোধে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
ডিআর




Comments